সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে ১৯ বিওপি দিয়ে সার্বক্ষণিক নজরদারি বিজিবির

আপলোড সময় : ২৬-১১-২০২৬ , আপডেট সময় : ২৬-১১-২০২৬

সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে টহল বাড়িয়েছে বিজিবি। বৃহস্পতিবার বাহিনীটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তায় সিলেট সেক্টরের অধীন বিজিবির ৩টি ব্যাটালিয়ন সব সময় সতর্ক থেকে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর।

বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিতভাবে সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবেই সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

এই ব্যাটালিয়নের আওতায় থাকা ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ ঠেকাতে চলছে নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি; ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি জনবল। রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও বাড়ানো হয়েছে। নজরদারি আধুনিক করতে গুরুত্বপূর্ণ জায়গায় সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।

নাইটভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামও কাজে লাগানো হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযান এবং এটিভি দিয়ে টহল দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ সুনামগঞ্জসহ পুরো সিলেট সীমান্তের নিরাপত্তা মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি বছর সিলেট সেক্টরের অধীন ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে আটক হয়েছে ৮১ জন আসামি। সঙ্গে আটক করা হয়েছে ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামালও জব্দ হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে প্রতিহত করা হয়েছে ১৬৩ জনকে।

নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করছেন। জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য বিনিময় করে সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে কাজ করছে বাহিনীটি।

সামনের দিনগুলোতেও সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তায় সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন ৩টি ব্যাটালিয়নের কাজ সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়েই চলবে। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরও একই কথা বলেছেন। তাঁর ভাষ্য, সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :