যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম এবং ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের যথেষ্ট সরবরাহ নিশ্চিত করাই এর লক্ষ্য।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভা হয়। সেখানেই ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন পায়। আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছে, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আনা হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা, আর প্রতি টনের দাম ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। গম সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে ইউএসডব্লিউ অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে।
জাতীয় ই-জিপি ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদনও দিয়েছে কমিটি। এতে খরচ পড়বে ৭৭ কোটি ২৫ লাখ টাকা; প্রতি কেজির দাম ধরা হয়েছে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের জন্য সুপারিশ পেয়েছে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড।
একই পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও পাস হয়েছে। এর ব্যয় ১০৪ কোটি ৯৫ লাখ টাকা, প্রতি কেজি চিনির দাম ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহে সুপারিশ করা হয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে।
গম আমদানির প্রস্তাবটি সভায় তোলে খাদ্য মন্ত্রণালয়। মসুর ডাল ও চিনি কেনার দুটি প্রস্তাব আসে বাণিজ্য মন্ত্রণালয় থেকে।