​ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে খামারিদের প্রতি আহ্বান

আপলোড সময় : ২৬-১১-২০২৬ , আপডেট সময় : ২৬-১১-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্যের রপ্তানি সম্প্রসারণের প্রত্যয় নিয়ে ময়মনসিংহে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ বিভাগীয়, জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশ নেন। পরে সকাল ১১টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উৎপাদনের প্রতিটি পর্যায়ে নিরাপদ খাদ্য ও পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরাই প্রতিদিন গ্রহণ করছি। তাই এসব পণ্যের নিরাপত্তা ও সর্বোচ্চ মান বজায় রাখার বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. শামসাদ জাহান শিরাজী ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াহেদুল আলম। এছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ জেলা ভেটেরিনারি সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রইস উদ্দিন ও মোক্তার মিয়া। বক্তারা প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিকল্পিত উদ্যোগ ও খামারিদের দক্ষতা বাড়ানো গেলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনাও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :