মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। সর্বশেষ শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ২টার দিকে খড়খড়ি এলাকায় অবস্থিত পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্র কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে গানপাউডার ছিটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পাশাপাশি তারা পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলার একপর্যায়ে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলা শেষে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে গেলে সেখানে দায়িত্ব পালনরত লাইনম্যান ও অন্যান্য কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের কারণে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পর উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ও অবিস্ফোরিত পেট্রোল বোমার আলামত সংগ্রহ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগের দিনের হামলার পর থেকেই উপকেন্দ্রের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তার জন্য জনবল বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্ব পালন করলেও পরদিন নিরাপত্তার স্বার্থে চারজনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকেও নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, “আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর আমরা নিরাপত্তার বিষয়ে সচেতন হয়েছি এবং থানায় এফআইআর করেছি। প্রথম দিন দুজন নিজস্ব লোকবল রাখা হয়েছিল, পরদিন তা বাড়িয়ে চারজন করা হয়। পুলিশ প্রশাসনকেও ডিউটি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল। ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।”
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান ( নাম প্রকাশে অনিচ্ছুক ) জানান, পরপর দুই দিন একই ধরনের হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্র কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীরা মুখ ঢেকে এসেছিল বলে জানা গেছে। তিনি বলেন, “খড়খড়ি কার্যালয়ে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে আমাদের স্টাফরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। আগের দিনও হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আগের দিনও ওই উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে সেদিন আগুন লাগেনি। পরদিন আবারও হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জানান, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। এখান থেকে এলাকার বিপুলসংখ্যক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা পরিচালিত হয়। এমন একটি প্রতিষ্ঠানে পরপর দুই দিন হামলার ঘটনা শুধু কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলেনি, বরং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
তাঁদের আশঙ্কা, এ ধরনের হামলা অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতে দায়িত্ব পালনকারী লাইনম্যান ও কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে তাঁরা শঙ্কিত। এ পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, পর্যাপ্ত পুলিশি পাহারা, নিয়মিত টহল এবং সিসিটিভি নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
পাশাপাশি পরপর দুই দিনের হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।