রাজনৈতিক মতভেদ যেন পাঠদান ও শিক্ষার্থীর নিরাপত্তায় বাধা না হয়: অধ্যক্ষদের প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৮-১১-২০২৬ , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৬:০০:০৫ অপরাহ্ন

গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের টানাপোড়েন আর অপ্রয়োজনীয় বিরোধ থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে দূরে রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাস আলাদা হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেই ভিন্নতার কারণে শিক্ষার পরিবেশ, পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়—এ ব্যাপারে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

তারেক রহমানের মতে, অধ্যক্ষ কেবল একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন। তিনি সেই প্রতিষ্ঠানের নেতা, নৈতিক পথপ্রদর্শক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। প্রতিষ্ঠান কতটা এগোবে, তা অনেকখানি নির্ভর করে তাঁর মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর।

শিক্ষাক্ষেত্রে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, শহর ও গ্রামের মানুষের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে সাবেক এই প্রধানমন্ত্রী ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখন এর অধিভুক্ত কলেজ প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ আর শিক্ষার্থী দুটোই বেড়েছে; তবে শিক্ষার মান কতটা এগিয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা দরকার বলে মনে করেন তিনি।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে অন্য খাতগুলোর মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাই মিলে শিক্ষাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে তোলার আহ্বান জানান তিনি। এ জন্য সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে, তবে বাস্তবায়নে অধ্যক্ষদেরই নেতৃত্ব দিতে হবে।

যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য শিক্ষক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই—এ কথা মনে করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক ধারা বদলে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান চালু করতে হবে। এখানে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

শিক্ষক-শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে মানিয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিতের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না বলে সতর্ক করেন তিনি। তাঁর ভাষ্য, একাডেমিক পড়ালেখার বাইরে ব্যবহারিক ও কারিগরি জ্ঞান আর দক্ষতার ঘাটতিই শিক্ষিত বেকারত্বের বড় একটি কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ সামলাতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক ধারা ছেড়ে বেরিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে আমূল বদলে দিচ্ছে বলে জানান তিনি।

এসব প্রযুক্তির ধাক্কায় পুরোনো অনেক পেশা হারিয়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে নতুন কাজের ক্ষেত্র। এই বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষা আর শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত গড়বে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপ দেবে। এ জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পড়ানোর সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান তিনি। ছাত্রজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা আর অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের কাজের সুযোগ তৈরি করতে পারবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষাকেও মেলাতে হবে বলে মত দেন তিনি। শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে আটকে রাখা যাবে না; সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান আর সংস্কৃতিচর্চার ভেতর দিয়ে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণ বিকশিত করার সুযোগ রাখতে হবে।

বহুভাষা শেখার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে এমন নানা ভাষা শেখার সুযোগ তৈরি করতে হবে। ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

শিক্ষার আধুনিকায়নের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ রক্ষাতেও সরকার সচেতন বলে জানান প্রধানমন্ত্রী। কলেজভিত্তিক শিক্ষক সংকট চিহ্নিত করা, শূন্য পদ পূরণ, প্রয়োজনমতো শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করতে বলেন তিনি। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।

শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ বসানোর মতো জায়গা আছে, সেখানে তা স্থাপনের উদ্যোগ নিতে হবে। প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের আহ্বানও জানান।

শিক্ষক-শিক্ষার্থীর যৌথ চেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে জানিয়ে এই কার্যক্রম আরও বাড়াতে বলেন তিনি।

আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৃঢ় অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সরকার এমন বাংলাদেশ গড়তে চায়, যে দেশ জ্ঞানে-গুণে সমৃদ্ধ, কাজে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজের মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে। বক্তব্যের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনস্থলে পৌঁছান। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার নানা সামাজিক কর্মকাণ্ডের চিত্র উঠে আসে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার বানানো একটি অ্যাপ নিয়ে ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শিরোনামের তথ্যচিত্র প্রকাশ করা হয়। তাতে দুর্যোগ ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও সহায়তার তথ্য, নিত্যপণ্যের দাম, যাতায়াত ব্যবস্থাপনার তথ্য, স্বাস্থ্যবিষয়ক সতর্কবার্তা এবং সরকারি কাজে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজে পড়ছেন প্রায় ৪০ লাখ শিক্ষার্থী। দেশে উচ্চশিক্ষায় যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের। এই সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়।

ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনও বক্তব্য রাখেন।

উচ্চশিক্ষার মান বাড়ানো, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা আর যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়াই ছিল এই সম্মিলনের লক্ষ্য। দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও ছিল আয়োজনের উদ্দেশ্য।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :