বিগত ১৮ বছর ধরে চলে আসা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনই চূড়ান্ত রূপ পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানে; এটি কোনো আকস্মিক ঘটনা নয়—এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনের বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রীর ভাষ্য, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি প্রায় ১৮ বছর দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার আর নির্মম নির্যাতন চালিয়েছে। সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে, নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে তারা বিনা ভোট ও রাতের ভোটের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে ছিল।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে তরুণ ছাত্রছাত্রীদের হাত ধরে আন্দোলনের শুরু। পরে রিকশাচালক, শ্রমিক, মেহনতি মানুষসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তি এক হয়ে তাতে যোগ দেয়। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র চালানো হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে; তবু ছাত্র-জনতা বুক পেতে দিয়ে আত্মাহুতি দিয়েছে।
শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ আগস্ট দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কোটি মানুষ রাস্তায় নেমে এলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তারা পালিয়ে যায়।
শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, সরকারি রেকর্ডে শহীদের সংখ্যা ৮৫৬ হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আহত হয়েছেন ২০ হাজার মানুষ; অনেকে চোখ হারিয়েছেন, কেউ কেউ পঙ্গু হয়ে গেছেন। তাঁর কথায়, শহীদ পরিবারের এই শোক পুরো জাতির শোক।
শহীদ পরিবারের আত্মত্যাগ, শোক আর সাধারণ মানুষের লড়াইয়ের স্মৃতি যথাযথভাবে ধরে রাখাই জুলাই স্মৃতি জাদুঘরের মূল লক্ষ্য বলে জানান তিনি।
জাদুঘরের কাজের বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ স্মারক সংগ্রহ করা গেছে। সামনে আরও যত স্মারক মিলবে, ধাপে ধাপে সবই সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।
জাদুঘরের পরিসর বাড়িয়ে একটি বড় জায়গায় এসব স্মৃতিচিহ্ন স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা হচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্ম যেন অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস আর শহীদদের আত্মত্যাগের কথা জানতে পারে, সে জন্যই সরকারের এই উদ্যোগ।
অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি ব্যাখ্যা করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আর বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার জন্যই জাদুঘরটি গড়া হয়েছে। শহীদদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহে খোলা আহ্বান জানানোর পর বহু মানুষ যোগাযোগ করেন; এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক জাদুঘরে সংরক্ষিত আছে।
মহাপরিচালক জানান, নিয়মিত গ্যালারিতে জায়গার অভাবে বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে দেখানো যাচ্ছে, যদিও সংগ্রহে আছে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক। দেশের মানুষ ও শহীদ পরিবারের সদস্যরা যেন সংগৃহীত এসব স্মৃতিচিহ্ন দেখে তাঁদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সবচেয়ে বড় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শহীদ পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন।