পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী এবং উপপরিদর্শক সম্বিত রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযানটি চালায়। পটুয়াখালী জেলা পুলিশ এতে সহযোগিতা করে।
গ্রেফতার শাহাবুদ্দিনের বাড়ি বাউফলের বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় এলাকায় তাঁর ব্যাপক প্রভাব ছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাসসকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।