কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : বাগেরহাটের প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আ স ম মোস্তাফিজুর রহমানের স্মরণে শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আ স ম মোস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ ও উন্মুক্ত—এই দুটি বিভাগে ১০০ মিটার সাঁতারের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শরীরচর্চা ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত আ স ম মোস্তাফিজুর রহমানের স্মৃতিকে ধারণ করে এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা বলেন, আ স ম মোস্তাফিজুর রহমান ছিলেন বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মাহফুজ ও মনিরা ইসলাম এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা জানান। তারা বলেন, সাঁতার শুধু একটি ক্রীড়া কার্যক্রম নয়, বরং আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে জলবেষ্টিত বাগেরহাট অঞ্চলে শিশু-কিশোরদের সাঁতার শেখা অত্যন্ত জরুরি।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম ও বিএনপি নেতা মো. লিটু শরীফ,ছাএ দল নেতা শেখ আরিফুল ইসলামসহ আয়োজক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।