​হাসিনা প্রি-ক্যাডেট একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

আপলোড সময় : ২৯-১১-২০২৬ , আপডেট সময় : ২৯-১১-২০২৬

তা‌নিয়া আক্তার, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। 

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার খাসমহল বালুচর দক্ষিণপাড়া, ডিসি প্রজেক্ট এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক রুবেল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক তানিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজদিখান উপজেলা শাখার সদস্যসচিব মোহাম্মদ ইমরান হোসেন বাদল, বিদ্যালয়ের দাতা সদস্য মো. নায়েব আলী, অভিভাবক সদস্য মো. শাহজাহান, বিএনপি নেতা মো. শাহ আলম, অভিভাবক সদস্য হাসিনা আক্তার ও মো. মাসুম এবং ইউনিক স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো. জাহিদ হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুন কুড়ি কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক মো. মাহিদুল, মো. মনিরুজ্জামান, মো. তানভীর ইসলাম তাসকিন, মো. তানজিল, মো. সুলতান মাহমুদ, রিপা আক্তার ও ইয়াসমিন আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান। তাদের হাতে সম্মাননা তুলে দিয়ে মেধা, পরিশ্রম ও শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়।

 পাশাপাশি ২০২৬ সালে পঞ্চম শ্রেণির পাঠ সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ ও আবেগঘন অনুভূতি।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে তুলতে হবে।

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া হলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা তৈরি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পর্ক আরও সুদৃঢ় করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অর্জনকে যথাযথ সম্মান জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :