​তিন মেয়ে বিয়ে দিয়েও থামেননি মামুনুর রশীদ, সেতুর ওপারে ছোট্ট টেবিলেই এখনো সংসারের লড়াই

আপলোড সময় : ২৯-১১-২০২৬ , আপডেট সময় : ২৯-১১-২০২৬

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি : বিকেল হলেই রাঙামাটির আসামবস্তী সেতুর ওপারে বসে যান এক মানুষ। সামনে ছোট্ট একটা কাঠের টেবিল। তার ওপর ফ্লাস্ক, কয়েকটা বয়াম, টিফিন বক্স। এই সামান্য পুঁজিই তাঁর সংসারের ভরসা। তিনি মামুনুর রশীদ।

৫ নং ওয়ার্ড আসামবস্তী সেতুর ওপারে তাঁর বাসা। তাঁর তিন মেয়ে। কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে। মেয়েরা এখন নিজ নিজ সংসারে। তবুও বাবা হিসেবে তাঁর দায়িত্ব শেষ হয়নি। নিজের সংসারের খরচ এখনো নিজের পরিশ্রম দিয়েই যোগান দিচ্ছেন তিনি।

প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সেতুর পাশে বসে ব্যবসা করেন মামুনুর রশীদ। এই সাড়ে তিন ঘণ্টাই তাঁর সারাদিনের আয়-রোজগারের সময়। লেকের হাওয়া, সেতুর ওপর দিয়ে চলাচল করা মানুষের ভিড়, আর সন্ধ্যার আলো - এর মধ্যেই চলে তাঁর জীবন সংগ্রাম।

সেতুর রেলিং ঘেঁষে বসে থাকা মামুনুর রশীদকে দেখে বোঝা যায়, জীবন তাঁকে খুব বেশি কিছু দেয়নি। কিন্তু তিনি হাল ছাড়েননি। কারো কাছে হাত না পেতে, নিজের পরিশ্রম দিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সেতুতে ঘুরতে আসা অনেকেই তাঁর দোকানে দাঁড়ান। কেউ চা খান, কেউ হালকা নাস্তা নেন। এই ছোট ছোট বিক্রি জমেই দিন শেষে সংসারের খরচ ওঠে।

মামুনুর রশীদ বলেন, “তিন মেয়েকে বিয়ে দিয়েছি। এখন ওরা নিজের সংসারে ভালো থাকুক, এটাই চাই। যতদিন শরীরে কুলায়, এভাবেই কাজ করে সংসার চালিয়ে যাবো।”

তাঁর চোখে-মুখে ক্লান্তি থাকলেও আছে এক ধরনের তৃপ্তি। মেয়েদের বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করেছেন ভাবলেও, একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে সংসারের প্রতি তাঁর দায়িত্ব এখনো একই রকম আছে।

পাহাড় আর লেকের শহর রাঙামাটিতে এমন অনেক মামুনুর রশীদ আছেন, যারা নীরবে লড়াই করে যাচ্ছেন। তাঁদের গল্প হয়তো বড় খবরে আসে না। কিন্তু এই ছোট্ট টেবিলের পেছনে লুকিয়ে আছে একজন বাবার বড় দায়িত্ব, আত্মসম্মান আর পরিশ্রমের গল্প।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :