এক দিনে ২ ডিগ্রি কমে তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি, আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

আপলোড সময় : ২৯-১১-২০২৬ , আপডেট সময় : ২৯-১১-২০২৬

তাপমাত্রার পারদ ১১ ডিগ্রিতে নেমে আসায় রাতভর কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু উত্তরের জনপদ পঞ্চগড়। দিন যত যাচ্ছে, তাপমাত্রা ততই নামছে, শীতের দাপটও বাড়ছে।

আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা মাপা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সবচেয়ে কম তাপমাত্রা।

সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নেমে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে, আজ সকাল ৯টায় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকাল শনিবার (২৮ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; অর্থাৎ এক দিনে কমেছে ২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আজ অবশ্য সকাল সকাল সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।

রাতভর তীব্র শীত আর ঘন কুয়াশায় সবচেয়ে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে ভোরেই শীত উপেক্ষা করে ঘর ছাড়তে হচ্ছে শ্রমজীবী ও দিনমজুরদের। হিমেল হাওয়ায় ভুগছে শিশু ও বয়স্করাও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমে কমছে এবং সামনে আরও কমতে পারে। তাতে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :