গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যে ভোট স্থগিত হয়ে গিয়েছিল, তা আবার হতে যাচ্ছে। জাহাজ থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পরিকল্পনা নিয়ে আগামী সপ্তাহে লন্ডনে ভোটাভুটিতে বসছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।
জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা জাতিসংঘের এই সংস্থার সদর দপ্তর লন্ডনেই। কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের মতো দূষণকারী গ্যাসের ব্যবহার কমাতে বৈশ্বিক মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর একটি প্রস্তাবে ২০২৫ সালের এপ্রিলে সমর্থন দেয় সংস্থাটি।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
সে বছরের অক্টোবরে পরিকল্পনাটির আনুষ্ঠানিক অনুমোদন প্রশ্নে ভোট দিতে বৈঠকে বসে আইএমওর ১৭৬টি সদস্যরাষ্ট্র। কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে সংশয়ী ট্রাম্প প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। ফলে শেষ পর্যন্ত ভোট আর হয়নি।
বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়াও প্রস্তাবটির বিরোধিতা করে চাপ তৈরি করেছিল।
এবার কী ঝুঁকির মুখে?
সদস্যরাষ্ট্রগুলো আগের প্রস্তাবগুলো ধরে রাখবে কি না, এবার তা এখনো পরিষ্কার নয়।
গত বছর যে প্রস্তাব বিবেচনায় ছিল, তাতে বলা হয়, বেশি দূষণ করা জাহাজগুলোকে ২০২৮ সাল থেকে ধাপে ধাপে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। চূড়ান্ত লক্ষ্য হলো ২০৫০ সালের দিকে জাহাজ চলাচল খাতকে পুরোপুরি কার্বনমুক্ত করা।
নেট জিরো ফ্রেমওয়ার্কের (এনজেডএফ) অর্থনৈতিক অংশটি তৈরি হয়েছে শিল্প খাতকে দ্রুত নিঃসরণ কমাতে উৎসাহ দেওয়ার জন্য। গত বছর এই অংশের বিরোধিতাতেই আনুষ্ঠানিক অনুমোদনের ভোট ভেস্তে যায়।
প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস ছাড়া জাহাজের ওপর ফি বসবে। সেই অর্থে কম নিঃসরণকারী জাহাজকে পুরস্কার দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে এ খাতে রূপান্তরের খরচ মেটাতে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কেন এ নিয়ে মতবিরোধ?
জীবাশ্ম জ্বালানির পক্ষে থাকা ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত নানা নীতি বাতিল করেছেন। গত বছর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আইএমওর পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিতে আহ্বান জানান। সে সময় তাঁর লেখা ছিল, ‘জাহাজ চলাচলের ওপর এই বৈশ্বিক সবুজ প্রতারণামূলক কর যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না।’
উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদল ও রাশিয়া অবশ্য ওয়াশিংটনের মতো নয়; নীতিগতভাবে তারা খাতটিকে কার্বনমুক্ত করার পক্ষে। তবু অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কথা তুলে তারা প্রস্তাবটির বিরোধিতা করছে।
সামুদ্রিক পরিবহন খাতের প্রতিনিধিরা চান ‘বাস্তবসম্মত, কার্যকর ও প্রয়োজনের উপযোগী’ একটি নিয়ন্ত্রক কাঠামো। দূষণকারী জ্বালানির বিকল্প ব্যবহারের খরচও বিবেচনায় নিতে বলেছেন তাঁরা। চলতি মাসে এক বিবৃতিতে বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক জাহাজ চলাচলবিষয়ক সংগঠনগুলো এ অবস্থান জানিয়েছে।
এবার যা হতে পারে
সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এনজেডএফের অর্থনৈতিক অংশ। কারণ, যুক্তরাষ্ট্রসহ প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সবচেয়ে জোরালো আপত্তি এই প্রস্তাব নিয়েই।
বিষয়টি সম্পর্কে অবগত সামুদ্রিক পরিবহন খাতের এক কর্মকর্তা এএফপিকে বলেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেন পরিচালনায় আইএমওর সক্ষমতা নিয়ে শিল্প খাতের সংশ্লিষ্টরা যথেষ্ট সন্দিহান। তাঁদের ভয়, কার্বন নিঃসরণ কমানোর অনুঘটক হওয়ার বদলে এটি শেষমেশ বৈশ্বিক আর্থিক বোঝায় পরিণত হতে পারে।
আইএমওর প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ অবশ্য এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তাঁর বিশ্বাস, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে সবাই মিলে যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সদস্যরাষ্ট্রগুলো গঠনমূলকভাবে একসঙ্গে কাজ চালিয়ে যাবে।
গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের প্রধান বিশ্লেষক আর্নে লোহমান রাসমুসেনের ধারণা, এখন অনেকটাই শিথিল শর্তের একটি চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ গত রোববার ব্যর্থতায় শেষ হয়েছে। জীবাশ্ম জ্বালানি প্রশ্নে মতভেদের জেরে সেখানে একটি চুক্তি নিয়ে আলোচনা ভেঙে পড়ে।
রাসমুসেন বলেন, এ ঘটনায় স্পষ্ট হয়েছে আন্তর্জাতিক জলবায়ু চুক্তিতে পৌঁছানো এখন কতটা কঠিন। সোমবার শুরু হতে যাওয়া আইএমওর আলোচনার জন্য এটি মোটেও আশাব্যঞ্জক ইঙ্গিত নয় বলে মন্তব্য করেন তিনি।