চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ নিজেদের চাহিদা অনুযায়ী আমদানি-রপ্তানি করতে পারবে বাংলাদেশ ও পাকিস্তান। এ জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
দেশে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা মজবুত করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়ানোর লক্ষ্যে এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন দুয়ার খুলল।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্মারকটি সই হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার সই করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকের শর্ত অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য তালিকায় আছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবং ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম ওলিনসহ বিভিন্ন ভোজ্যতেল। তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ নানা কৃষিপণ্য ও কৃষি উপকরণও থাকবে এ সহযোগিতার আওতায়।
স্মারক সই হওয়া মানে অবশ্য এখনই এসব পণ্যের আমদানি বা রপ্তানির চূড়ান্ত চুক্তি হয়ে যাওয়া নয়। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য কিনতে চাইলে তার মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় জানিয়ে অন্য পক্ষকে লিখিত প্রস্তাব পাঠাতে হবে। এরপর আলোচনা ও দর-কষাকষির মধ্য দিয়ে পণ্যভিত্তিক আলাদা চুক্তি করে সরবরাহের শর্ত ঠিক হবে। অর্থাৎ সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড়ালেও প্রতিটি লেনদেনের দাম, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি আলাদাভাবে চূড়ান্ত হবে।
বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী অনুষ্ঠানে বলেন, এ স্মারকের ফলে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক তৈরি হবে। এতে দুই দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা পাবে, নিত্যপণ্য ও কৃষিপণ্যের আমদানি-রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগও আসবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পণ্যের মান, পরিমাণ, সরবরাহের সময়সূচি ও আর্থিক দিক নিয়ে সরাসরি আলোচনা করে লেনদেনের শর্ত চূড়ান্ত করতে পারবে বলে জানান তিনি।
চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়নে টিসিবি ও টিসিপির নিয়মিত যোগাযোগ, বাণিজ্যিক প্রস্তাবের সময়মতো মূল্যায়ন এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার ওপর জোর দেন সচিব। তাঁর মতে, দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের ভাষ্য, স্মারকটি দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে দেবে, যা নিত্যপণ্যের আমদানি-রপ্তানি ও সরবরাহব্যবস্থাকে আরও গোছানো করতে সাহায্য করবে। পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের চাহিদামতো এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত।
সম্পর্কের অগ্রগতির কথা তুলে হাইকমিশনার জানান, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগসহ নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বেড়েছে। বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর থেকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানিতে শুল্কমুক্ত কোটাও বহাল রাখা হয়েছে। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছানোর কথাও উল্লেখ করেন তিনি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এ স্মারক কেবল আনুষ্ঠানিক দলিল বা পারস্পরিক সদিচ্ছার প্রকাশ হয়ে থাকবে না; এর মূল লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপ দেওয়াই দুই প্রতিষ্ঠানের যৌথ দায়িত্ব। তাঁর মতে, পারস্পরিক লাভজনক বাণিজ্যের সুযোগ খোঁজা, পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করা এবং দুই প্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এটি।
সুনির্দিষ্ট পণ্য চিহ্নিত করা, প্রতিযোগিতামূলক দাম ঠিক করা, গুণগত মান নিশ্চিত করা এবং দুই দেশের চাহিদামতো সময়মতো সরবরাহের জন্য টিসিবি ও টিসিপি ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি। তাঁর আশা, এতে দুই দেশের পারস্পরিক আস্থা এবং বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ আরও সুগম হবে।
সই হওয়ার দিন থেকে পাঁচ বছর বহাল থাকবে স্মারকটি। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে আপনা-আপনি আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে কূটনৈতিক চ্যানেলে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে যেকোনো পক্ষ এটি বাতিল করতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের সরবরাহ সংকট, দাম বাড়া কিংবা প্রচলিত আমদানি উৎসে অনিশ্চয়তা দেখা দিলে বিকল্প উৎস থেকে পণ্য আনার সুযোগ দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্যের কাঠামো থাকায় বিশেষ করে পণ্য সংগ্রহ ও সরবরাহে নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে দেশের নিত্যপণ্যের বাজারে এ সমঝোতা কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা নির্ভর করবে পণ্যভিত্তিক চুক্তি, আমদানি খরচ, প্রতিযোগিতামূলক দাম, পণ্যের গুণগত মান এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার ওপর।
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা ও নিত্যপণ্যের সরবরাহে বিকল্প উৎস গড়ার ক্ষেত্রে টিসিবি-টিসিপির পাঁচ বছর মেয়াদি এ স্মারককে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।