আলোচনার মধ্যে রাজপথে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়-মির্জা ফখরুল

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ১১:৩৮:০০ অপরাহ্ন
জামায়াতে ইসলামীসহ সাতটি দলের রাজপথে চলমান কর্মসূচিকে ‘অহেতুক চাপ সৃষ্টি’ বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটার কোনো প্রয়োজন ছিল না। আলোচনার মধ্যেই এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে—অহেতুক একটা চাপ সৃষ্টি করা; যা গণতন্ত্রের জন্য শুভ নয়।’



বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। ১০ সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে একযোগে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।


জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নির্বাচন ঘিরে আলোচনায় সমাধান না হওয়ায় রাজপথে কর্মসূচি দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামীর এ দাবি সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘এইভাবে রাজপথে আসলেই সমাধান হয়ে যাবে? আমার পাল্টা প্রশ্ন, রাজপথে আসলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? ‘আমরা সবচেয়ে বড় দল (বিএনপি)। পরিবর্তনের পরে আমরা কিন্তু কোনো ইস্যুতে রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।’

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :