আব্দুল মালেক মিয়া, গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান রংপুর আঞ্চলিক কেন্দ্র এবং এর অধীনস্থ উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের সমন্বয়কারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
শনিবার সকালে রংপুর আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপাচার্য বাউবির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে কর্মকর্তা-কর্মচারী ও সমন্বয়কারীদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
উপাচার্য আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের মানসম্মত সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা প্রতিষ্ঠায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে মানবিক ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। উপাচার্য তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ, রংপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ফিরোজুল ইসলাম এবং রংপুর আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক (হিসাব) মো. আজিজার রহমান।
এছাড়া রংপুর আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন বিভিন্ন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের স্টাডি সেন্টারের সমন্বয়কারীরা সভায় উপস্থিত ছিলেন।