০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘প্রস্তুত মনে হলেই বিয়ে’— জল্পনার জবাব দিলেন কৌশানি

আপলোড সময় : ০৬-১০-২০২৬
‘প্রস্তুত মনে হলেই বিয়ে’— জল্পনার জবাব দিলেন কৌশানি ছবিঃ সংগৃহীত

অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ দিন উদযাপন থেকে একসঙ্গে সময় কাটানো— সবই চলছে পুরোদমে। তবে পছন্দের মানুষটিকে বরমাল্য কবে পরাবেন, সে প্রশ্নে কৌশানি মুখোপাধ্যায় সিদ্ধান্ত নিতে চান ধীরেসুস্থে।

নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে সম্প্রতি সাক্ষাৎকার দিতে গিয়ে বিয়ে প্রসঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। বছরের শেষ নাগাদ তাঁর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে— এমন প্রশ্নের উত্তরে কৌশানি জানিয়ে দেন, বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই।

অভিনেত্রীর বক্তব্য, প্রতিটি সম্পর্কের শেষ পরিণতি হিসেবে বিয়েকে ধরা হলেও তিনি এখন নিজের জীবনে বেশ ভালো আছেন। বনির সঙ্গে সম্পর্কও চলছে ভালোভাবেই। তাই কেবল বয়স কিংবা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’ মাথায় রেখে বিয়ে করতে চান না তিনি।

কৌশানি বলেন, আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।

সাক্ষাৎকারে উঠে আসে পরিবারের প্রসঙ্গও। কৌশানি জানান, তাঁর বাবা মাঝেমধ্যে মেয়ের বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান; তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়ে অনেক সময় কথা আর বাড়ান না।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবার স্বাভাবিক দুশ্চিন্তা থাকলেও কৌশানির ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দিতে চান না তিনি। ফলে বনি-কৌশানির বিয়ে নিয়ে জল্পনা থাকলেও অভিনেত্রীর কথায় স্পষ্ট— সময় হলে নিজের সিদ্ধান্তেই সাতপাকে বাঁধা পড়বেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ