১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চুল টেনে লাল কার্ড, চার ম্যাচ মাঠের বাইরে ভিনিসিয়ুস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১০-২০২৬
চুল টেনে লাল কার্ড, চার ম্যাচ মাঠের বাইরে ভিনিসিয়ুস ছবিঃ সংগৃহীত

প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে লাল কার্ড দেখার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোয় খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি বুধবার (১৪ অক্টোবর) রাতে তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টানেন ভিনিসিয়ুস। এ ঘটনার জন্য তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি রেফারির সিদ্ধান্তের পর আক্রমণাত্মক আচরণের দায়ে আরও দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

ঘটনার পরপরই জুড বেলিংহামের পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বাতিল করা হয়। একই সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

মৌসুমের শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে প্রথম একাদশে রাখেননি কোচ জোসে মোরিনিও। ক্লাবের হয়ে চলতি মৌসুমে তখন পর্যন্ত মাত্র একটি গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

নিষেধাজ্ঞার কারণে আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। এরপর ২৫ অক্টোবর বার্সেলোনার মাঠে এল ক্লাসিকোতেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। এ ছাড়া রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড।

এদিকে নিষেধাজ্ঞার সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভিনিসিয়ুস। বুধবার চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-৩ গোলের নাটকীয় জয়ের পর তিনি জানান, শাস্তির সিদ্ধান্ত জানানোর সময় নিয়ে তার আপত্তি রয়েছে। ভিনিসিয়ুস বলেন, ‘নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার জন্য তাদের হাতে পুরো দিন ছিল। অথচ আমরা স্টেডিয়ামে পৌঁছানোর পরই আমাকে জানানো হলো, লিগের পরবর্তী চার ম্যাচে আমি খেলতে পারব না।’

চুল টানার ঘটনাকে কেন্দ্র করে নিয়মের ব্যাখ্যা না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। ভিনিসিয়ুসের ভাষ্য, লা লিগা ও রেফারিদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন নিয়ম ব্যাখ্যা করা হলেও এ ধরনের ঘটনার বিষয়ে আগে তাকে জানানো হয়নি। তিনি বলেন, ‘আমার জন্য এটি লাল কার্ড ছিল, ব্যস। আমি কখনো অন্য কোনো খেলোয়াড়ের প্রতি সহিংস আচরণ করিনি। আমাকে অনেক আঘাত করা হয়, অথচ শেষ পর্যন্ত কার্ড দেখি আমি।’

ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নস লিগে খেলতে বাধা নেই ভিনিসিয়ুসের। এ কারণে রোমার বিপক্ষে ম্যাচে তাকে প্রথম একাদশে রেখেছিলেন মোরিনিও। আগামী ২১ অক্টোবর আরবি লাইপজিগ এবং ৪ নভেম্বর এইকের বিপক্ষেও খেলতে পারবেন তিনি। আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় ফিরবেন এই ব্রাজিলিয়ান তারকা।

শৃঙ্খলা কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, বল খেলার সুযোগ ছাড়াই সহিংস আচরণের জন্য ভিনিসিয়ুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, রেফারির সঙ্গে তর্কে জড়ানো এবং সতীর্থদের তাকে আটকে রাখতে হওয়ায় অতিরিক্ত দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ