ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের যৌথ দল পুনে-জয়পুর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, তাদের মধ্যে দুজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন এবং অন্যজন হামলার পর অভিযুক্তদের পালাতে সহায়তা করেন। আটক ব্যক্তিরা হলেন হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সী এক কিশোর, বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী ঋত্বিক কুমার ওরফে রোশন এবং সোনিপতের ১৮ বছর বয়সী রেহান। রোশন বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় বসবাস করেন এবং র্যাপিডো রাইডার হিসেবে কাজ করেন।
এর আগে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের জন্য মুম্বাই পুলিশ তল্লাশি জোরদার করে। এ সময় অভিযুক্তদের কয়েকটি ছবিও সামনে আসে। কাছ থেকে তোলা একটি ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের একজনের মাথায় ছিল কালো টুপি।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তকারীদের ধারণা, প্রশিক্ষিত বন্দুকধারীরা এ হামলা চালিয়েছেন। হামলার আগে তারা টাইগার শ্রফের চলাফেরার ওপর নজর রাখছিলেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিনেতার সাপ্তাহিক রুটিন সম্পর্কে জানতেন হামলাকারীরা। প্রতি রোববার তিনি জুহুর একটি ফুটবল মাঠে যান—এ তথ্যের ভিত্তিতে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। মাঠ থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
হামলার পর অভিযুক্তরা আগে থেকে পরিকল্পনা করা পথ ধরে এসভি রোড হয়ে ভিলে পার্লে ও আন্ধেরির দিকে চলে যান। পরে আন্ধেরি পশ্চিম রেলওয়ে স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে বোরিভালিগামী ট্রেনে ওঠেন। প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা মহারাষ্ট্রের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও গিয়েছিলেন।
রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক ও অন্য একজন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ এখনো ওই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
এদিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, মুম্বাইয়ে গ্যাং-সংশ্লিষ্ট সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গুলির ঘটনার পর রোববার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন শিন্ডে। ৩৬ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তার উদ্বিগ্ন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে অভিনেতার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের শিন্ডে বলেন, নব্বইয়ের দশকে মুম্বাইয়ে গ্যাং-যুদ্ধ বেড়ে যাওয়ার পর অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমানে একইভাবে এসব চক্রের শিকড় উপড়ে ফেলার সময় এসেছে।