২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরিচ্ছন্নতায় অবহেলা করলে তিরস্কার পত্র, শিক্ষার সব দপ্তর ও প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১১-২০২৬
পরিচ্ছন্নতায় অবহেলা করলে তিরস্কার পত্র, শিক্ষার সব দপ্তর ও প্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ ছবিঃ সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় থাকা সব অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি’ গঠন করতে বলা হয়েছে। লক্ষ্য, এসব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

কোনো প্রতিষ্ঠানে এ কাজে অবহেলা দেখা গেলে সেই প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র দেওয়া হবে, দায়িত্বপ্রাপ্তদের আনা হবে জবাবদিহির আওতায়।

সম্প্রতি এক অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নির্দেশনা জারি করেছে।

আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেওয়া ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা এবং পরের কর্মপরিকল্পনা ঠিক করতে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে একটি সভা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সেখানে সভাপতিত্ব করেন।

কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের আঞ্চলিক কমিটির টিম লিডাররা ওই সভায় ছিলেন।

সেই সভাতেই সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি করতে হবে। কাজ বাস্তবায়নে গাফিলতি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তিরস্কার পত্র দেওয়াসহ দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনাটি পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ