• জাতীয়
  • বিমানবন্দর ‘নীরব জোন’: চব্বিশ ঘণ্টায় ৯৪ মামলা, জরিমানা লক্ষাধিক টাকা

বিমানবন্দর ‘নীরব জোন’: চব্বিশ ঘণ্টায় ৯৪ মামলা, জরিমানা লক্ষাধিক টাকা

জাতীয় ১ মিনিট পড়া
বিমানবন্দর ‘নীরব জোন’: চব্বিশ ঘণ্টায় ৯৪ মামলা, জরিমানা লক্ষাধিক টাকা

বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত ও শব্দদূষণহীন রাখার লক্ষ্যে এই এলাকাটিকে আগেই ‘সাইলেন্ট জোন’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকাকে ‘নীরব জোন’ বা শব্দমুক্ত এলাকা হিসেবে কার্যকর করতে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। রবিবার (২৫ জানুয়ারি) দিনভর পরিচালিত সমন্বিত অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ভঙ্গের দায়ে ৯৪টি মামলা এবং মোট ১ লাখ ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, রবিবার (২৫ জানুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ প্রয়োগ করে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতর, বিআরটিএ, সিভিল অ্যাভিয়েশন, সিটি কর্পোরেশন এবং ডিএমপির বিশেষ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ৫৮টি মামলা এবং বিশ হাজার দুইশত টাকা জরিমানা আদায় করে। অপরদিকে ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ অভিযান পরিচালনা করে মোট ৩৬টি মামলা এবং পঁচানব্বই হাজার টাকা জরিমানা আদায় করে।

বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত ও শব্দদূষণহীন রাখার লক্ষ্যে এই এলাকাটিকে আগেই ‘সাইলেন্ট জোন’ ঘোষণা করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের সমন্বিত মোবাইল কোর্ট ও ট্রাফিক পুলিশের কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tags: মামলা বিমানবন্দর জরিমানা