• রাজনীতি
  • ঢাকা-১৬: দ্বিমুখী লড়াইয়ের মাঠে এগিয়ে বিএনপি

ঢাকা-১৬: দ্বিমুখী লড়াইয়ের মাঠে এগিয়ে বিএনপি

রাজনীতি ১ মিনিট পড়া
ঢাকা-১৬: দ্বিমুখী লড়াইয়ের মাঠে এগিয়ে বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৬ সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

এলাকার ভোটাররাও মেতে উঠেছেন নানা আলোচনা, সমালোচনায়। পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকান আর আড্ডার স্থানগুলোতে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন আর হার-জিতের প্রসঙ্গ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে জামায়াত আর বিএনপির মধ্যেই মূল লড়াই হবে।

তবে শেষ পর্যন্ত জয়ের মালা পরবেন বিএনপি প্রার্থী আমিনুল হক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫, ৬, নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন। পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত এ আসনের এলাকাগুলো হলে- মিরপুর ১০, ১১, ১২, ৬, ৭ নম্বর, কালশী, পৌনে এক কাঠা, সাংবাদিক আবাসিক এলাকা, ঝুটপট্টি, এভিনিউ ফাইভ, সবুজ বাংলা, নাভানা, এক্সটেনশন পল্লবী,ইস্টার্ন হাউসিং, রূপনগর আবাসিক, রূপনগর পুকুরপাড় বা ঝিলপাড় বস্তি, মুসলিম বাজার, ধ-ব্লক, মিরপুর ডিউএইচএস, স্বাগুপ্তা, বাউনিয়াবাঁধ, লালমাইটা, বেগুন টিলা বস্তি ও সিরামিক বস্তি। এছাড়া এই আসনটিতে ৩৯টি বিহারী ক্যাম্প রয়েছে।

এখানে মোট ভোটার ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৬৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৩২৩ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৮ জন।

ঢাকা-১৬ আসনের প্রার্থীরা হলেন: বিএনপির মো. আমিনুল হক, জামায়াতে ইসলামীর মো. আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মাদ তৌহিদুজ্জামান, মুক্তিজোটের আব্দুল কাদের জিলানী, গণঅধিকার পরিষদের মো. মামুন হোসেন, বাংলাদেশ লেবার পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন, এনপিপির মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মো. নাজমুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের রাশিদুল ইসলাম ও জাতীয় পার্টির সুলতান আহম্মেদ সেলিম।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী জাতীয় সংসদের ১৮৯ নম্বর এ আসনের মূল সমস্যা হলো- দিনের বেলায় তীব্র গ্যাস সংকট।

জলাবদ্ধতা। পানির সমস্যা। ক্যাম্প ও বস্তি এলাকায় রয়েছে মাদক সমস্যা এবং কিশোর গ্যাং। এই ওয়ার্ডের ডি-ব্লক এলাকার বাসিন্দা শামীম হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের এলাকায় তীব্র গ্যাস ও পানির সংকট রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে গ্যাস থাকে না।