• রাজনীতি
  • নারীদের নিয়ে জামায়াত আমিরের পোস্ট সত্যি হলে তা জাতির জন্য হতাশাজনক

নারীদের নিয়ে জামায়াত আমিরের পোস্ট সত্যি হলে তা জাতির জন্য হতাশাজনক

রাজনীতি ১ মিনিট পড়া
নারীদের নিয়ে জামায়াত আমিরের পোস্ট সত্যি হলে তা জাতির জন্য হতাশাজনক

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, জামায়াতের আমিরের টুইটারে নারীদের নিয়ে করা পোস্ট সত্যি হলে তা জাতির জন্য হতাশাজনক।

আমরা মনে করি, এ ধরনের নোংরা মন্তব্য মধ্যযুগীয় বর্বরতার শামিল।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. মাহদী আমিন বলেন, ৯ ঘণ্টা পর এ পোস্টকে মিথ্যা দাবি করা অবান্তর। অথচ আইডি হ্যাক হওয়ার পরপরই এ নিয়ে ব্যাখ্যা দেওয়ার কথা। মূলত সারা দেশের মানুষের ক্ষোভের মুখেই রাত ৩টার দিকে হাতিরঝিল থানায় জিডি করেছে দলটি। শুধু তাই নয়, সম্প্রতি আল জাজিরায় নারীর ক্ষমতায়ন নিয়েও জামায়াতের আমিরের মন্তব্য উদ্বেগজনক। ড. মাহদী আমিন বলেন, বিএনপি সবসময় নারীর প্রতি সহনশীল। সম্প্রতি নারীর প্রতি জামায়াতের শীর্ষ নেতারা যে ধরনের বিদ্বেষপূর্ণ আচরণ করছেন, তা তাদের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নোংরা মন্তব্য করেছেন। তারা এবারের নির্বাচনে নারীদের মনোনয়ন দেননি। তাদের দলের আমির স্বীকার করেছেন, তাদের দলীয় প্রধান নারী হতে পারবেন না। অথচ তাদের নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চান।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, তাদের বট বাহিনী আমাদের নারীদের অনলাইন ও অফলাইনে হেনস্তা করছে। ছাত্রদলের নেতাকর্মীদের সাইবার বুলিং করছে।

তিনি বলেন, নারীরা শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। যে নারী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, পোশাক শ্রমিকের কাজ করছেন, সেই নারীদের নিয়ে জামায়াতের এমন মনোভাব ভাবা যায় না।

মাহদী আমিন একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গৌরবগাথা তুলে ধরেন।

এ সময় আরও ছিলেন– যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

Tags: নারী জাতি জামায়াত আমির সত্যি হতাশা