• দেশজুড়ে
  • চট্টগ্রাম বন্দরে আন্দোলনে অংশ নেওয়া আরও ১২ জনকে বদলি

চট্টগ্রাম বন্দরে আন্দোলনে অংশ নেওয়া আরও ১২ জনকে বদলি

দেশজুড়ে ১ মিনিট পড়া
চট্টগ্রাম বন্দরে আন্দোলনে অংশ নেওয়া আরও ১২ জনকে বদলি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে আরও ১২ জন কর্মচারীকে ঢাকায় বদলি করা হয়েছে।

এ নিয়ে দুই দিনে মোট ১৬ জনকে বদলি করা হলো।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুই দফায় বদলি আদেশ জারি করা হয়। এর মধ্যে একটিতে সাত জনের নাম রয়েছে। আরেকটিতে পাঁচ জনের নাম রয়েছে। বন্দরের চিফ পারসোনেল অফিসারের সই করা এক আদেশে এ বদলি করা হয়। তবে বদলির আদেশে জরুরি দাফতরিক ও অপারেশনাল কাজে তাদের বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, রবিবার দুই দফায় বদলি আদেশ জারি করা হয়। এর মধ্যে একটিতে সাত জনের নাম রয়েছে। তারা হলেন- চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফি উদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টেনো টাইপিস্ট মো. জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী মো. শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিঝি ও প্রকৌশল বিভাগের মেসন মো. শামসু মিয়া। এর মধ্যে চার জনকে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোয় ও তিন জনকে কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে বদলি করা হয়।

আরেক আদেশে যে পাঁচ জনের নাম রয়েছে তারা হলেন- উচ্চ বহিঃসহকারী আবদুল্লাহ আল মামুন, স্টেনো টাইপিস্ট খন্দকার মাসুদুজ্জামান, ড্রাইভার মো. লিয়াকত আলী ও আমিনুর রসুল বুলবুল এবং খালাসি মো. রাব্বানী। তাদের পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে তাদের।

এর আগে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) অডিট সহকারী মো. হুমায়ুন কবীর (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি-নৌ বিভাগ) উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ), এসএস খালাসি মো. ফরিদুর রহমানকে (প্রকৌশল বিভাগ) বদলি করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার দুটি পৃথক দাফতরিক আদেশে ১২ জনকে বদলি করা হয়েছে। জরুরি দাফতরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনে তাদের বদলি করা হয়।’

এদিকে, বন্দরের টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার দ্বিতীয় দিনের কর্মবিরতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ৪টার পর বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। কর্মবিরতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে চট্টগ্রাম বন্দর।

Tags: আন্দোলন বদলি চট্টগ্রাম বন্দর ১২ জন