• দেশজুড়ে
  • সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশজুড়ে ১ মিনিট পড়া
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় প্রশাসনের হেলিকপ্টার চাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিভিন্ন যে দুর্ঘটনাগুলো ঘটে, সেই সমস্যাগুলোর সমাধান হেলিকপ্টার করতে পারবে না।

এগুলোর সমাধান করতে পারবো আমরা ও আপনারা সবাই মিলে। আমরা সবাইকে যদি সচেতন করি এবং যার যার দায়িত্ব যদি ঠিকমতো পালন করি, তবে কোনো অঘটন ঘটবে না। এছাড়া রাজনৈতিক নেতা ও তার কর্মীরা যদি ঠিকমতো কাজ করেন, তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু হেলিকপ্টার এসে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ ফোর্স দেওয়া হয়েছে। আর এখানে নদীনালা ও খালবিল প্রচুর থাকায় কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের ও মালামাল পরিবহনের জন্য স্পিডবোট এবং অন্যান্য যানবাহন বাড়িয়ে দেওয়া হয়েছে।

প্রশাসন একপাক্ষিক আচরণ করছে—প্রার্থীদের এমন অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, এটা সবাই দেখছে।

কিন্তু যার যার বক্তব্য, সেটা তো সে দেবেই। পলিটিক্যাল বক্তব্য একেকজন একেকভাবে দেবেন, কিন্তু তার তো ভোট টানতে হবে, আর এজন্য তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এটা তাদের সেই কৌশলও হতে পারে। কিন্তু আমরা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষভাবে কাজ করবে—এতে কোনো সন্দেহ নেই।