ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, সোমবার নির্বাচনী প্রচারণাকালে হুগড়া ইউনিয়নের দুলাল মোড় ও মালতি মোড় এলাকায় পৌঁছালে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা আমরা গাড়ি বহরে হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করা হয় এবং তাকে ও সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো বলেন, তারা মূলত আমার উপর হামলার চেষ্টা করেছিলো। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। বিগত কয়েকদিন ধরে আমাদের নেতাকর্মীদের হামলা করছে। এ ঘটনায় একাধিক অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এর ফলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের দাবি করছি৷