ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি শনিবার ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পালন করেন।
রনিকে কেন্দ্র করে সংগঠিত এই গণসংযোগে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা। গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে জড়ো হয়ে বিশাল মিছিল নিয়ে বের হয়ে জয়দেবপুর রেলগেট হয় শিববাড়ি মোড় ঘুরে জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড দিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ঘোষিত গণমানুষের ৩১ দফা উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। গণসংযোগকালে রনি বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “গাজীপুর–২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত।
শিল্পনগরী গাজীপুরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত। নগরীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সময় এলাকাবাসীর মধ্যে গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতারা জানান, আগামী দিনগুলোতে গাজীপুর–২ আসনের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় এই প্রচারণা ধারাবাহিকভাবে জোরদার করা হবে।