পাশাপাশি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান সিইসি।
ভোটারদের উদ্দেশ্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।
ভাষণে সিইসি বলেন, বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহুর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একইসঙ্গে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি।