• দেশজুড়ে
  • নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩, বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩, বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

দেশজুড়ে ১ মিনিট পড়া
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩, বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বেশিরভাগই জামায়াতের। এ ছাড়া দলটির ছয় নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এ ঘটনায় এক বিএনপি নেতাসহ চার জনকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাকিব হোসেন ও বিএনপি কর্মী রাতুল আহম্মেদ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনা মীমাংসার জন্য আজ সকালে ধানাইদহ বাজারে উভয় পক্ষের মধ্যে সালিশ বসার কথা ছিল। বেলা ১১টার দিকে নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাফ সরকারের নেতৃত্বে দলের ৪০-৫০ জন কর্মী ধানাইদহ বাজারে যাচ্ছিলেন। বাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে তাদের সঙ্গে দেখা হয় নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানের। এ সময় বিএনপি কর্মীরা হাসিনুরের ওপর হামলা চালান। রামদা ও চাপাতির আঘাতে জামায়াতের এই নেতা মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএনপি নেতাকর্মীরা ধানাইদহ পূর্বপাড়ায় গিয়ে জামায়াত সমর্থক ছানোয়ার হোসেন, সৈয়দ ইব্রাহিম হোসেন, আবদুস সোবহান এবং পশ্চিম পাড়ার সিরাজুল ইসলাম, মাসুদ হোসেন ও হাফিজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় জামায়াতের সমর্থকরা বাড়িঘর থেকে বের হয়ে বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বিএনপি নেতা আসাফ সরকার এবং জামায়াত কর্মী সৈয়দ ইব্রাহিম হোসেন, রফিকুল ইসলাম, রায়হানসহ অন্তত ১৩ জন আহত হন।

আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় জামায়াত নেতা হাসিনুর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের বেশির ভাগ চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

ভুক্তভোগী সৈয়দ ইব্রাহীম আলী জানান, ঘটনার সময় প্রতিপক্ষের লোকেরা কয়েকটি গুলি ছুড়েছেন। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্রও ছিল। ছানোয়ার হোসেনের স্ত্রী মনি বেগম বলেন, ‘বিএনপির লোকজন আমার মেয়ের বিয়ের তিনটি সোনার গয়না ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। হামলাকারীরা চুলার রান্না করা ভাত ও তরকারি মাটিতে ফেলে দিয়ে গেছে। আমাদের ঘরে ১০ টাকার জিনিসপত্রও নাই।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক আসমা শাহীন এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, ‘নির্বাচনপরবর্তী সহিংসতা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহনশীল না হলে এসব ঘটনা প্রতিরোধ করা যাবে না। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির নেতা আসাফ সরকারসহ চার জনকে আটক করা হয়েছে। মামলা হবে।’

এদিকে গতকাল বিকালে লালপুর উপজেলার ডহরশোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল মতিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। তিনি নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী তাইফুল ইসলামের কর্মী ছিলেন। তার অভিযোগ, বিএনপি প্রার্থী ফারজানা শারমিনের কর্মী আবদুল মজিদ ও তার সহযোগীরা প্রকাশ্যে তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছেন।

তবে অভিযুক্ত আবদুল মজিদ অভিযোগ অস্বীকার করেছেন। লালপুর থানার পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Tags: আহত বিএনপি ভাঙচুর সংঘর্ষে জামায়াত বাড়িঘর নাটোর লুটপাটের অভিযোগ