• দেশজুড়ে
  • দেওয়ানগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলন

দেশজুড়ে ১ মিনিট পড়া
দেওয়ানগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলন

আবুল কাশেম,জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আবুল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দ বাড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। লিখিত বক্তব্যে আবুল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে তারাটিয়া বাজারে ‘রেজুয়ান টেলিকম’ নামে মোবাইল ব্যাংকিং ও মোবাইল ফোন বিক্রির ব্যবসা পরিচালনা করে আসছেন। সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করায় একটি কুচক্রী মহল তার প্রতি ক্ষুব্ধ ছিল বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। ঘটনার দিন দ্বিতীয় অভিযুক্ত তার দোকান থেকে ২০ হাজার টাকা ক্যাশ আউট করে নেন। পরে অতিরিক্ত ৫০০ টাকা দাবি করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পূর্বের বিরোধের জেরে অভিযুক্তরা রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করে। এ সময় দোকানের গ্লাসের রেক, টেবিল, মনিটর, কম্পিউটার (পিসি), প্রিন্টার এবং ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন— মোঃ শেখ ফরিদ, মোঃ শিপন মিয়া, মোঃ আয়নাল হক, মোঃ জলিল, মোঃ হুকুম আলী, মোঃ জরুল হক, মোঃ পলাশ ও মোঃ রিপন। অভিযুক্তদের সবার বাড়ি ডাকড়াগ্রাম এলাকায় বলে জানান ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে আবুল হোসেন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি নিজের এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।