বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বর্তমানে তার ক্যারিয়ারের সুসময় পার করছেন। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ের গুঞ্জন নিয়ে সম্প্রতি তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে এবার নিজের আদর্শ জীবনসঙ্গী ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
ভুল মানুষের চেয়ে অপেক্ষা শ্রেয় সম্প্রতি মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘সেহের’-এর প্রচারণায় অংশ নিয়ে ম্রুণাল তার ব্যক্তিগত দর্শন শেয়ার করেন। তিনি মনে করেন, সমাজের চাপে বা নির্দিষ্ট বয়সে পৌঁছে যাওয়ার কারণে বিয়ে করাটা কোনো সমাধান নয়। ম্রুণাল বলেন, “বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা সঠিক মানুষের সঙ্গে হওয়া জরুরি। আজকের দিনে নির্দিষ্ট বয়সের চেয়ে জীবনসঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” তিনি আরও যোগ করেন, ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একাকী থাকা এবং সঠিক মানুষের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা অনেক ভালো।
জীবনসঙ্গীর মধ্যে যা খুঁজছেন ম্রুণাল ভবিষ্যৎ জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে কথা বলতে গিয়ে ম্রুণাল জানান, তিনি এমন কাউকে খুঁজছেন যিনি তার শিল্প ও কাজকে সম্মান করবেন। অভিনেত্রীর ভাষায়, “আমি এমন একজন মানুষ চাই যার মধ্যে নেতৃত্বের গুণ আছে এবং যিনি আমার ভুলত্রুটিগুলো সাদরে গ্রহণ করবেন। বিশেষ করে, যিনি আমার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতোই ভালোবাসবেন।” ম্রুণাল চান এমন একটি সম্পর্ক যেখানে শান্তি ও সুখ থাকবে।
ব্যস্ত ক্যারিয়ার ও বর্তমান ব্যস্ততা ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরেও ম্রুণালের হাতে রয়েছে একগুচ্ছ কাজ। বর্তমানে তার ঝুলিতে দুটি তেলেগু এবং তিনটি হিন্দি সিনেমা রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুর দিকে প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের সুরে দুলকার সালমানের সঙ্গে তার ‘ভিগি ভিগি’ মিউজিক ভিডিওটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।