• জাতীয়
  • রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয় : ডেপুটি স্পিকার

রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয় : ডেপুটি স্পিকার

জাতীয় ১ মিনিট পড়া
রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয় : ডেপুটি স্পিকার

কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘শিক্ষকতা পেশায় থাকলে দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া চলবে না। রাজনীতি করতে চাইলে প্রথমে শিক্ষকতা ত্যাগ করতে হবে।’

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি ও ইউএনও। কিন্তু গত দুই দশকে শিক্ষক সমাজের একটি অংশ সরাসরি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছে, যা দুঃখজনক।’

তিনি আরো বলেন, ‘আমি অনেক শিক্ষককে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে বা স্লোগান দিতে দেখেছি।

দয়া করে এই প্রবণতা থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব।’ শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে কায়সার কামাল জানান, ছাত্রজীবনে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করাতেন। বর্তমানে আধুনিক ভবন থাকলেও সেই নিষ্ঠা নেই, যা বজায় রাখা জরুরি।

তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ২৪-২৫টি স্কুলের সামনে ব্রিজ নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের সমস্যা থাকলে তা দাপ্তরিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপন করতে হবে।

ডেপুটি স্পিকার নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্থানীয় উন্নয়ন বিষয়ে বলেন, দুর্গাপুরে চালু থাকা ‘স্কুল ফিডিং’ কর্মসূচি কলমাকান্দায় চালুর জন্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. এমদাদুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

Tags: শিক্ষক ডেপুটি স্পিকার রাজনৈতিক দল দাঁড়িয়ে স্লোগান