গাজীপুরে একটি পোশাক কারখানায় হঠাৎ লে-অফ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এতে প্রায় সাত শতাধিক শ্রমিকের কর্মসংস্থান সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে এবং বকেয়া বেতনসহ সামনের রোজা ও ঈদকে ঘিরে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।
বুধবার সকালে কারখানার সামনে লে-অফ সংক্রান্ত নোটিশ টানানো হলে শ্রমিকরা কারখানা খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
কারখানাটি হচ্ছে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর এলাকার রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড ।
কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে। এছাড়া অনেক অর্ডার বাতিল হয়েছে। একই কারণে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফ চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এ সময় তাদের কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এ নোটিশের আওতার বাইরে থাকবেন। কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে সাত শতাধিক শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। চলতি মাসের ১৮ তারিখ হয়ে গেলেও গত মাসের বেতন এখন পর্যন্ত পাইনি। এরই মধ্যে বুধবার সকালে কারখানায় এসে দেখি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। সামনে রোযা ও ঈদ। এই অবস্থায় অবস্থায় আমরা পরিবার নিয়ে কিভাবে সংসার চালাবো।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক বিকাশ চৌধুরী জানান, কারখানার সামনে লে-অফ নোটিশ টানানো হয়েছে। সুমিত্রা কারখানার সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। আমরা কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে কারখানার ডিজিএম মোহাম্মদ শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।