বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে গোলপাতার ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, বুধবার সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৯টার মধ্যে কোন সময়ে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি গোলপাতার ক্ষেতে বৃদ্ধ দেলোয়ার হোসেন চৌধুরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা বৃদ্ধের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি মিজানুর রহমান রাত সাড়ে ১১টায় জানান, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত কার্যক্রম চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।