• দেশজুড়ে
  • পলাশবাড়িতে আগুনে নিঃস্ব এক অসহায় পরিবার

পলাশবাড়িতে আগুনে নিঃস্ব এক অসহায় পরিবার

দেশজুড়ে ১ মিনিট পড়া
পলাশবাড়িতে আগুনে নিঃস্ব এক অসহায় পরিবার

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আরিয়ান রাকিব :

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে পথে বসেছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত একটার দিকে মৃত আব্দুল ছাত্তার মিয়ার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচাতে পারলেও পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি। আগুনে ঘরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, মজুদ করা চাল-আলু, হাঁস-মুরগি এবং আয়ের একমাত্র উৎস ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে কয়লা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় পাঁচলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আড়াই শতাংশ বসতভিটা ছাড়া এই পরিবারের আর কোনো সহায়-সম্বল নেই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন সাজেদা বেগম ও তার সন্তানরা।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী পৌরসভার প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে শুকনো খাবার প্রদান করা হয়।

পৌর প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ভবিষ্যতে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানের চেষ্টা করা হবে। বর্তমানে পরিবারটি প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে দিন পার করছে।