• জাতীয়
  • আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয় ১ মিনিট পড়া
আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়া সিরিয়ার একটি আইএস শিবির থেকে দেশে ফেরার চেষ্টা করা এক নাগরিককে সর্বোচ্চ দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তা সংস্থার পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দলে থাকা বাকি ৩৩ জনের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞার আইনি ভিত্তি পাওয়া যায়নি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, এই ৩৪ জন অস্ট্রেলীয় নারী ও শিশু সম্প্রতি সিরিয়ার একটি শিবির থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার চেষ্টা করেছিলেন। তবে আইনি জটিলতার কারণ দেখিয়ে সিরীয় কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, তারা আইএস যোদ্ধাদের স্ত্রী, বিধবা স্ত্রী ও সন্তান। এদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। অস্ট্রেলিয়ার সরকার আগেই জানিয়েছে, তারা এই দলকে দেশে ফেরাতে সহায়তা দেবে না।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এসব পরিবার স্বেচ্ছায় একটি সহিংস মতাদর্শের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে আইনি বিশেষজ্ঞরা মনে করেন, নাগরিকদের দেশে ফেরার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

উত্তর সিরিয়ার আল রোজ ক্যাম্পে ৪০টির বেশি দেশের দুই হাজারের বেশি মানুষ রয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিরোধী দলীয় সিনেটর জনো ডুনিয়াম এসব নাগরিকের প্রত্যাবর্তন নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, শিবিরগুলোতে থাকা শিশুদের ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

Tags: নিষেধাজ্ঞা শিবির আইএস অস্ট্রেলিয়ায় প্রবেশে