আসন্ন ঈদের বিশেষ টেলিভিশন আয়োজনে আবারও দর্শকদের মাতাতে আসছে জনপ্রিয় সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘ইমরান-শো’। কবির বকুলের পরিকল্পনা ও ইমরান মাহমুদুলের উপস্থাপনায় এবারের পর্বটির শিরোনাম রাখা হয়েছে ‘বকুল ও চন্দনে, গানের বন্ধনে’। এটিএন বাংলার পর্দায় তৃতীয়বারের মতো ফিরছে এই আয়োজন।
গানের ডালি ও নতুন চমক এবারের বিশেষ আয়োজনে চন্দন সিনহার কণ্ঠে থাকছে মোট সাতটি গান। এর মধ্যে তিনটি একদমই নতুন গান যা দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে। গানগুলো লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল। প্রেম এবং বিরহের নানা অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে এই সুরের মূর্ছনায়। এছাড়া দ্বৈত গানে চন্দনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা এবং আতিয়া আনিসা। শিল্পী সানিয়া সুলতানা লিজাও একটি জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করেছেন এই মঞ্চে।
উপস্থাপক থেকে গায়ক ইমরান বরাবরের মতো অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে রয়েছেন ইমরান মাহমুদুল। তবে এবারের আয়োজনে তিনি কেবল সঞ্চালকের ভূমিকাতেই সীমাবদ্ধ থাকেননি। দর্শকদের উপস্থিতিতে তিনি গেয়েছেন চন্দন সিনহার কালজয়ী গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’। ইমরান জানান, কবির বকুল এবং চন্দন সিনহার সঙ্গে কাজ করা তার জন্য সব সময়ই আনন্দের এবং এটি একটি চমৎকার অভিজ্ঞতা।
কথপোকথনে তারকা উপস্থিতি এবারের আসরে প্রথমবারের মতো সরাসরি দর্শক উপস্থিতির ব্যবস্থা রাখা হয়েছে। গানের ফাঁকে ফাঁকে চলবে প্রাণবন্ত আড্ডা। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী এবং গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তাদের আলাপচারিতায় উঠে আসবে গানের পেছনের গল্প, সৃজনশীলতার অন্তরাল এবং শিল্পীদের জীবনের নানা অজানা দিক।
কবির বকুলের কণ্ঠে গান অনুষ্ঠানের অন্যতম বড় চমক হিসেবে থাকছে স্বয়ং কবির বকুলের গান। পেশাদার গীতিকবি হিসেবে দেশজুড়ে পরিচিতি থাকলেও, এই পর্বে তিনি চন্দন সিনহার একটি জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তার এই অংশগ্রহণ অনুষ্ঠানটিতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনাও করেছেন কবির বকুল নিজেই।