• বিনোদন
  • শাহরুখ নন, ফ্রান্সের প্রেসিডেন্টের পছন্দের বলিউড অভিনেতা অনিল কাপুর

শাহরুখ নন, ফ্রান্সের প্রেসিডেন্টের পছন্দের বলিউড অভিনেতা অনিল কাপুর

ভারত সফরে এসে প্রিয় বলিউড তারকার নাম জানালেন এমানুয়েল মাখোঁ; পাশে ছিলেন শাবানা আজমি ও মনোজ বাজপেয়ীরা।

বিনোদন ১ মিনিট পড়া
শাহরুখ নন, ফ্রান্সের প্রেসিডেন্টের পছন্দের বলিউড অভিনেতা অনিল কাপুর

বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে সুবিদিত। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর পছন্দ একটু ভিন্ন। সম্প্রতি ভারত সফরে এসে তিনি জানালেন, তাঁর প্রিয় বলিউড অভিনেতা অনিল কাপুর। অস্কারজয়ী ছবি ‘স্লামগড মিলিওনিয়ার’-এর সূত্র ধরে অনিল কাপুরের অভিনয় তাঁকে মুগ্ধ করেছে বলে জানান এই বিশ্বনেতা।

ভারত সফরে এসে কূটনৈতিক আলোচনার পাশাপাশি বিনোদন জগতের তারকাদের সঙ্গেও সময় কাটিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁকে নিয়ে মুম্বাই ও নয়াদিল্লি সফরকালে তিনি অংশ নেন বিশেষ এক সাংস্কৃতিক আড্ডায়। সেখানেই উঠে আসে তাঁর প্রিয় বলিউড অভিনেতার প্রসঙ্গ।

কেন প্রিয় অনিল কাপুর? একটি র‍্যাপিড-ফায়ার সেশনে মাখোঁকে জিজ্ঞেস করা হয়েছিল তাঁর প্রিয় বলিউড অভিনেতার নাম। উত্তরে তিনি কোনো দ্বিধা ছাড়াই অনিল কাপুরের নাম নেন। মাখোঁ বলেন, ‘গতকাল আমি “জয় হো” বলেছিলাম, তাই আজ বলব—অনিল কাপুর।’ মূলত ‘স্লামগড মিলিওনিয়ার’ ছবিতে অনিল কাপুরের অনবদ্য অভিনয় এবং ছবির জনপ্রিয় গান ‘জয় হো’ ফরাসি প্রেসিডেন্টের মনে গেঁথে আছে।

তারকাদের সঙ্গে মাখোঁর আড্ডা নিজের ইনস্টাগ্রামে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন মাখোঁ। ফরাসি ভাষায় তিনি লেখেন, ‘ভারতীয় সিনেমার কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের এক করে।’ ছবিতে অনিল কাপুরের পাশাপাশি দেখা গেছে মনোজ বাজপেয়ী, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি ও রিকি কেজদের।

অনিল কাপুরের প্রতিক্রিয়া প্রেসিডেন্টের মুখে নিজের নাম শুনে উচ্ছ্বসিত অনিল কাপুরও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর সহধর্মিণীর সঙ্গে দারুণ এক বিকেল কাটালাম। সিনেমা, সংস্কৃতি এবং ভারত-ফ্রান্সের সেতুবন্ধ নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’

হরাইজন ২০৪৭ রোডম্যাপ মাখোঁর এই সফর কেবল বিনোদনেই সীমাবদ্ধ ছিল না। তিনি ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিয়ে প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক অংশীদারত্ব নিয়ে কথা বলেন। ভারত ও ফ্রান্সের যৌথ এই পরিকল্পনাটি ‘হরাইজন ২০৪৭’ রোডম্যাপের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags: bollywood news entertainment news emmanuel macron anil kapoor india-france-relation slumdog-millionaire