রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন মাছুয়াপাড়া মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাকিব হাসান (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকাল প্রায় ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান নগরীর বৈরাগী পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মোঃ মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত রাকিব পূর্বে অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেই সূত্রে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এদিকে, নিহতের পরিবার জানায়, রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ১৪ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মামলায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন, যার প্রধান আসামি ছিলেন রাকিবের হত্যাকাণ্ডের সাথে জড়িত মমিন মিয়া। ওই মামলার জের ধরে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের অভিযোগ।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাকিবের সঙ্গে অভিযুক্তদের পূর্ব বিরোধ ছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে কাজ চলছে।”
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।