• জাতীয়
  • অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন

জাতীয় ১ মিনিট পড়া
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন

ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি নোয়াপাড়া ও সিঙিয়া স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগস্থলে থাকা নাট-বল্টু ঢিলা হয়ে খুলে যাওয়ায় ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বগিগুলো লাইনের ওপর স্থির হয়ে পড়ে থাকলেও ইঞ্জিনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে যায়।

পরে পরিস্থিতি বুঝতে পেরে চালক ইঞ্জিন থামিয়ে পুনরায় পেছনে নিয়ে এসে বগির সঙ্গে সংযুক্ত করেন। ঘটনার পর প্রায় ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ দেখা দেয়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, কেউ কেউ সম্ভাব্য বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন।

একজন যাত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রেলওয়ে কর্তৃপক্ষের নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটছে।’ অন্য এক যাত্রী অভিযোগ করেন, ট্রেন ছাড়ার আগে যথাযথ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ও বগির সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটি ছিল। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ালেও, এ ধরনের যান্ত্রিক ত্রুটি যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কঠোর তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tags: দুর্ঘটনা অল্পের জন্য বড় রক্ষা পেল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন