• জাতীয়
  • ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

জাতীয় ১ মিনিট পড়া
ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে থানা ঘেরাও করেন তারা।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

জানা গেছে, ডিসি মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন।

তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানাচ্ছেন। শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়া পুলিশ হামলা করে। রাস্তা-ঘাটে যে কাউকে বিনা কারণে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা সরব না।

এ সময় শিক্ষার্থীরা ৩ দাবি জানান।

দাবিগুলো হলো ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে; ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে; বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

Tags: ঘেরাও বিরুদ্ধে ব্যবস্থা ডিসি মাসুদ শাহবাগ থানা ঢাবি শিক্ষার্থীদের