মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্থান পাচ্ছে। মোট ইউনিটের সংখ্যা ১০১৮। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান, ইউনিট ছিল ১০৮৪টি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও পরিচালক সরকার আমিন।
মেলার সময়সূচি সম্পর্কে জানানো হয়, ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
লিটল ম্যাগাজিন চত্বর রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায়। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল দেওয়া হয়েছে। শিশুচত্বরে অংশ নিচ্ছে ৬৩টি প্রতিষ্ঠান, ইউনিট সংখ্যা ১০৭।
নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রবেশ ও বাহিরপথে থাকবে আর্চওয়ে। দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থা। এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মেলা থাকবে পলিথিন ও ধুমপান মুক্ত।