নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া নামের (৮) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের একটি বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোনায়েদ পশ্চিম বাগহাটা গ্রামের জজ মিয়ার ছেলে। সে পার্শ্ববর্তী আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুর ১২ টায় জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে স্বজন ও প্রতিবেশিরা বাড়ির আশপাশ সহ বিভিন্ন জায়গায় খোঁজে ও মাইকিং করে জোনায়েদের কোন সন্ধান পায়নি। পরে এঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বুধবার সকালে বাড়ির পাশে ডোবায় কচুরিপানায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা স্বপন মিয়া বলেন, জোনায়েদ পানিতে ডুবে মারা যায়নি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডোবায় ফেলে গেছে। আমাদের কোন শত্রু নাই। আমরা এ হত্যাকান্ডের বিচার দাবি করছি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, আমরা খবর পেয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় আলামত সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।