• জাতীয়
  • শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের হামিমকে শোকজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের হামিমকে শোকজ

জাতীয় ১ মিনিট পড়া
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের হামিমকে শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

তিনি ছাত্রদলের কবি জসীম উদ্দিন হলের আহ্বায়ক।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শো-কজের কথা জানানো হয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

সংগঠনটির একটি সূত্র বলছে, সাংগঠনিক নিয়মের বাইরে গিয়ে ৫ আগস্টের পর থেকে নিজস্ব উদ্যোগে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করেন ছাত্রদল নেতা হামিম। এসব নিয়ে সংগঠনটির একটি বড় একটা অংশ তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

শোকজের বিষয়ে জানতে হামিমকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

তবে শোকজ নোটিশের পর শুক্রবার দিবাগত রাত একটার দিকে নিজে ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় হামিম বলেন, তারা বলেছে লিখিত জবাব দিতে।

আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম। কিন্তু আমি লিখিত জবাব দেব না। এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে পার্সোনালি পাঠানো যাবে না, ডিরেক্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি শোকজ পত্র দিতে হবে। সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে ফোন করছে।

সারা বাংলাদেশের মানুষ এখন জানতে চাচ্ছে, কী এমন অন্যায় করেছি। তিনি আরও বলেন, পরবর্তী সময় আমি জানতে পারলাম গতকালকে (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সঙ্গে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম, সে কারণেই নাকি আমাকে শো-কজ করা হয়েছে। ছাত্রদলের সারা বাংলাদেশের নেতাকর্মীরা যদি মনে করেন শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজন করা অপরাধ তাহলে আমি ক্ষমাপ্রার্থী, আর আমার সঙ্গে এ কাজটি করা অন‍্যায় হয়েছে বলে মনে করেন ছাত্রদল নেতাকর্মীসহ সারাদেশের শিক্ষার্থীরা, তবে এ অন‍্যায়েই আমি খুশি।

Tags: অভিযোগ ছাত্রদল শোকজ শৃঙ্খলা হামিম