স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নরসিংদীকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। গতকাল শনিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে নরসিংদী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জেলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য ৩১দফা বাস্তবায়নে কাজ করে যাবে বলে জানান। নরসিংদীসহ সারা দেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। ডোপটেস্ট্রের মাধ্যমে নেশাগ্রস্থদের চিহ্নিত করে তিন মাসের সাজা কার্যকর করা হবে। দুর্নীতি মুক্ত মানবিক সমাজ ব্যবস্থার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা সকলে কাধে কাধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। তিনি বলেন, পুলিশ পারেনা এমন কোনো কাজ নেই। আমরা যদি এমপি-মন্ত্রীরা কোনো অন্যায় কাজ করি আপনারা ডিসি-এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন। তিনি আরো জানান, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।