নোয়াখালীর সেনবাগে মাটি বেচাকেনা ও পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সেনবাগের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক রাত ১০টা থেকে ফজরের আজান পর্যন্ত মাটি বেচাকেনা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট থানা পুলিশের ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তবে অভিযোগ উঠেছে, এ নির্দেশনা উপেক্ষা করে সেনবাগের বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে সেহরি পর্যন্ত বেপরোয়াভাবে মাটিবাহী গাড়ি চলাচল করছে। স্থানীয়দের দাবি, এসব গাড়ির উচ্চগতি ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে সাধারণ মানুষের চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সম্প্রতি সন্ধ্যা ৮টার দিকে এক মসজিদের ইমাম সাইকেলযোগে যাওয়ার সময় একটি মাটিবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান বলে জানা গেছে। যদিও তিনি বা স্থানীয় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, প্রভাবশালী মহলের আধিপত্যের কারণে অনেকেই মুখ খুলতে পারছেন না।
এ পরিস্থিতিতে সচেতন মহল আইন-শৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। অবৈধ ও অনিয়ন্ত্রিত মাটি বেচাকেনা বন্ধে কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রত্যাশায় সাধারণ মানুষ এখন প্রশাসনের সক্রিয় ভূমিকার অপেক্ষায় রয়েছে।