• দেশজুড়ে
  • নারায়ণগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে চালকসহ প্রাইভেটকার পানিতে

নারায়ণগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে চালকসহ প্রাইভেটকার পানিতে

দেশজুড়ে ১ মিনিট পড়া
নারায়ণগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে চালকসহ প্রাইভেটকার পানিতে

লতিফ রানা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ একটি প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়। ড্রাইভারে দক্ষতায় এবং খেয়াঘাটের একাধিক নৌকা ও ট্রলারের যৌথ প্রচেষ্টায় একটা পর্যায়ে প্রাইভেট কারের দরজার গ্লাস খুলে ড্রাইভারকে নিরাপদে বের করা সম্ভব হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি ফেরিতে তোলার আগেই এর মালিক গাড়ি থেকে নেমে যান। এরপর যখন প্রাইভেট কারটি ফেরিতে উঠানো হয় সে সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় ড্রাইভারের দক্ষতায় প্রাইভেট কারটি বেশ কিছুক্ষণ পানিতে ভেসে থাকে। এ সময় নদী পারাপাররত খেয়াঘাটের একাধিক নৌকা ও ট্রলারের যৌথ প্রচেষ্টায় একটা পর্যায়ে প্রাইভেট কারের দরজার গ্লাস খুলে ড্রাইভারকে নিরাপদে বের করা সম্ভব হয়। তবে গাড়িটি নদীর প্রায় মাঝামাঝি থাকায় তাদের পক্ষে গাড়িটিকে ডুবানোর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাড়িটি উদ্ধার করে।

গাড়ির চালক জাকির হোসেন জানান, গাড়ির ব্রেকে একটু সমস্যা ছিল। তাই ফেরিতে উঠার সময় ব্রেক ঠিক মতো কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাই। গাড়ির মালিকের নাম নূর মোহাম্মদ রুদ্র। তিনি একটি পোশাক কারখানার চেয়ারম্যান।