বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। আজ সোমবার দুপুরে বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং জামায়াতের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেল ১৬ই ফেব্রুয়ারি নির্বাচনে আসন থেকে নির্বাচিত হন। তিনি আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ থেকে ১০ মার্চ আপিল দায়ের, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বগুড়া-৬ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে ২ লাখ ২২, হাজার ৪৮৫ জন পুরুষ এবং ২ লাখ ৩ হাজার,৫৫৯ জন নারী ভোটার।
আজ শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় পুরোদমে ভোটের আমেজ শুরু হয়েছে।