• দেশজুড়ে
  • কারচুপি না হলে কমপক্ষে আরও ৩০টি আসনে জয় পেত বিএনপি: প্রিন্স

কারচুপি না হলে কমপক্ষে আরও ৩০টি আসনে জয় পেত বিএনপি: প্রিন্স

দেশজুড়ে ১ মিনিট পড়া
কারচুপি না হলে কমপক্ষে আরও ৩০টি আসনে জয় পেত বিএনপি: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে বেশ কিছু আসনে স্থানীয়ভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে সূক্ষ্ম কারচুপি হয়েছে। এটা না হলে, কমপক্ষে আরও ৩০টি আসনে জয় পেত বিএনপি।

ময়মনসিংহ-১ আসনে ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে। এ বিষয়ে পার্টির অনুমোদন পাওয়া গেছে।

অচিরেই এ বিষয়ে পার্টির পদক্ষেপ দৃশ্যমান হবে।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় হালুয়াঘাট পৌর শহরের ঈদগাহ মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল পূর্ব প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় প্রিন্স অভিযোগ করেন ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ প্রতীককে ষড়যন্ত্র করে হারিয়ে আলোকিত জনপদ গড়ার স্বপ্নকে বাঁধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু লাখ লাখ মানুষের স্বপ্ন কখনো নিভে যেতে পারে না। আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়ার স্বপ্ন কেউ হত্যা করতে পারবে না।

নির্বাচনের পর ময়মনসিংহ-১ আসনে বিভিন্ন স্থানে ধানের শীষের কর্মী-সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে জানিয়ে প্রিন্স আরও বলেন, গত ৫ আগস্টের পর যারা পলাতক ছিল, নির্বাচনকে কেন্দ্র করে তারা স্বতন্ত্র প্রার্থীর ছত্রছায়ায় ফিরে এসে তাফালিং শুরু করেছে। যারা আওয়ামী আমলেও বিএনপি কর্মীদের ওপর হামলার সাহস পায় নাই, তারা এখন স্বতন্ত্র এমপির ছত্র ছায়ায় বিএনপি সরকার গঠনের পরও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর সাহস দেখাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী তার নির্বাচনী কর্মকাণ্ডে পলাতক আওয়ামী ফ্যাসিবাদীগোষ্ঠীকে পুনর্বাসন করেছেন এবং তারা এখন তার ছত্রছায়ায় বিভিন্ন স্থানে সহিংসতা উসকে দিচ্ছে।

তবে আমরা আইনকে সম্মান করি বলেই প্রতিটি ঘটনা লিখিতভাবে প্রশাসনকে জানাচ্ছি। আইন নিজের হাতে তুলে নিচ্ছি না। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসন এড়াতে পারবে না।

বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সবাইকে ধৈর্য ও মনোবল বজায়ে রেখে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, জনগণের পাশে থাকতে হবে। তারেক রহমানের সরকারের সঙ্গে জনগণের সেতু বন্ধন বিএনপিকেই গড়ে তুলতে হবে।

এ সময় স্থানীয় প্রশাসনের প্রতি বিএনপিকে অবজ্ঞা ও অবহেলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের এজেন্ডা বাস্তবায়নে অবশ্যই বিএনপির সহযোগিতা নিতে হবে। বিএনপি এই সহযোগিতা করতে প্রস্তুত। তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে দল থেকে বহিষ্কৃতরা তারেক রহমানের সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবে না।

কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যন আবদুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার ইউনূস আলী খান প্রমুখ।

Tags: বিএনপি আসন কারচুপি কমপক্ষে প্রিন্স