• জাতীয়
  • বিশ্বের ২৮টি ইসলামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি ১৪তম

বিশ্বের ২৮টি ইসলামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি ১৪তম

জাতীয় ১ মিনিট পড়া
বিশ্বের ২৮টি ইসলামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি ১৪তম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, বাংলাদেশের ৬টি ইসলামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসির স্থান ১ম। বিশ্বের ২৮টি ইসলামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি ১৪তম।

বুধবার (৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৯৫ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

৬টি অনুষদের অধীনে ১৫টি বিভাগ রয়েছে। ৩৪৫ জন সার্বক্ষণিক শিক্ষকসহ সাড়ে চার শতাধিক শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিচ্ছেন। পিএইচডি ডিগ্রীধারী শিক্ষক রয়েছেন ৮৪ জন । সমৃদ্ধ অবকাঠামো আইআইইউসির একটি উল্লেখযোগ্য দিক। ৫০ একর জমির উপর নিজস্ব ক্যাম্পাসে প্রায় সাড়ে ৬ লক্ষাধিক বর্গফুট জায়গায় ৪২টি ভবনে আইআইইউসির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যাপ্ত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ইন্টারনেট ল্যাব, অসীম ইন্টারনেট সুবিধা, ২ হাজার ৩৬৪টি জার্নাল, ৩৫ হাজার ৫০০ ই-জার্নাল, ১ লাখ ৩ হাজার ৯৯৫টি বই এবং নান্দনিক স্থাপত্যশৈলীর লাইব্রেরি নিয়ে সমৃদ্ধ আমাদের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী-সংখ্যা প্রায় ১২ হাজার। এর মধ্যে নেপাল, শ্রীলংকা, চীন, সোমালিয়ার উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ছাত্রও অধ্যয়ন করছে।

উপাচার্য বলেন, উচ্চ শিক্ষায় ইচ্ছুক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা রয়েছে। এই বিষয়গুলো দেখার জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন নামে আলাদা একটি ডিভিশন রয়েছে। প্রতিবছর দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের ৭ কোটি টাকার বেশি আর্থিক সুবিধা এবং বৃত্তি দেওয়া হয়।

তিনি বলেন, উচ্চশিক্ষায় গবেষণাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। গবেষণা কাজকে বিশেষভাবে প্রমোট করার জন্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (সিআরপি) নামে আলাদা একটি ডিভিশন রয়েছে।

যার বার্ষিক বাজেট এক কোটি টাকার বেশি। আমরা এ পর্যন্ত বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে সফলভাবে ১৮টি ইন্টারন্যাশনাল একাডেমিক কনফারেন্সের আয়োজন করেছি। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমেরিকা, কানাডা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, তুরস্ক, ব্রুনাইসহ বিশ্বের স্বনামধন্য ২৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসান উল্লাহ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রিন্সিপাল আমীরুজ্জামান, আনোয়ার সিদ্দিক চৌধুরী, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং ডিভিশনের পরিচালকরা।

সঞ্চালনায় ছিলেন আইআইইউসির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মোসতাক খন্দকার।

Tags: বিশ্ব ইসলামি বিশ্ববিদ্যালয় আইআইইউসি ১৪তম