সিলেট নগরীর স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এখন সিসিকের অন্যতম অগ্রাধিকার।
বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর চাপ কমানোর লক্ষ্য সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যাতে নগরবাসীকে অহেতুক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা বড় হাসপাতালে ছুটতে না হয়, সেই লক্ষ্যে সিটি করপোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে আরও সেবামুখী করা হচ্ছে। এর ফলে নাগরিকরা তাদের নিকটস্থ কেন্দ্র থেকেই বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ হাসপাতাল পরিদর্শনকালে প্রশাসক জনবল সংকটের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন। তিনি নির্দেশ দেন যে, যেসব সেবাকেন্দ্রে চিকিৎসকের পদ শূন্য রয়েছে, সেখানে দ্রুততম সময়ের মধ্যে নতুন চিকিৎসক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যসেবার গুণগত মান বজায় রাখতে দক্ষ জনবল নিশ্চিত করার ওপর তিনি বিশেষভাবে জোর দেন।
পরিচ্ছন্ন ও সুস্থ নগরী গড়ার আহ্বান পরিদর্শনকালে সিসিক প্রশাসক কেবল স্বাস্থ্যসেবা নয়, নগরীর পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন। তিনি সাগরদিঘির পাড়ে শ্মশানঘাট, রাস্তা, ড্রেন ও ফুটপাত পরিদর্শন করেন। এ সময় তিনি বাসাবাড়ির মালিকদের উদ্দেশ্যে বলেন, একটি আধুনিক ও সুস্থ নগরী গড়তে পরিচ্ছন্নতা অপরিহার্য। তিনি ড্রেন বা রাস্তায় আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ জানান।
পরিদর্শনকালে প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. রুমানা, ডা. তাহমিনা মালিক, ডা. মুন্নী এবং জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও মো. মাহবুবুর রহমান।